স্পোর্টস ডেস্ক।।
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তবে কেন তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ভালো দিতে পারবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
আপাতত জাতীয় দলের সঙ্গে কাজ না থাকলেও চুক্তির বাকি সময়ে বোর্ডের অন্য কোনো দায়িত্ব পেতে পারেন তিনি। রবিবার (২৫ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটিতে এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল।
দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করেন সাবেক এই অধিনায়ক।
সেখানেই আশরাফুল জানান, আগের দিন সন্ধ্যায়ই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন তিনি।
বাকি তিন মাসে কোন দায়িত্ব পালন করবেন, সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘না, মাত্রই তো আসলে কালকেই (শনিবার) জানানো হয়েছে।
মাগরিবের পরে জানতে পেরেছি যে আসলে ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ থেকে রেস্ট দেওয়া হয়েছে। এবং বাকি সময় যে তিন মাস সময় আছে, সেটা যখন অ্যাসাইনমেন্ট, কোন কাজ থাকবে, তখন জানানো হবে।’
কেন তাঁকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো, সে বিষয়ে অবশ্য কোনো কিছু জানেন না বলে জানালেন আশরাফুল, ‘এটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবেন কেন নাই। কিন্তু যেহেতু আমরা যারা কোচ, আমাদের কন্ট্রাক্ট এরকমই হয় যে ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে অন্য কোথাও কাজ করাবে, সেটা তাদের এখতিয়ারে আছে। তো দ্যাটস ইট।’
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে নিজের কোচিং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন আশরাফুল। পেশাদার কোচ হিসেবে যাত্রার শুরুতেই জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের মনে করেন তিনি। সামনে আরও শেখার এবং ভালো কাজ করার প্রত্যাশাও তাঁর।
এ প্রসঙ্গে সাবেক টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘যেহেতু আমি প্রফেশনাল কোচ, আমার ক্যারিয়ারের মাত্র শুরু। আমি লাকি যে শুরুতেই এত বড় একটা কাজ করতে পেরেছি বাংলাদেশ টিমের হয়ে। তো সামনে হয়তোবা আরও অনেক কিছু শিখব ইনশাআল্লাহ, তারপর আরও ভালো ভালো কাজ করব।’
এদিকে জাতীয় দলের টেস্ট পারফরম্যান্স নিয়েও আশাবাদী আশরাফুল। তার মতে, সাম্প্রতিক সময়ে টেস্ট দল বেশ গোছানো অবস্থায় রয়েছে এবং ব্যাটসম্যানরাও ধারাবাহিকভাবে রান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট দিয়ে দলের সঙ্গে কাজ শুরুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের টেস্ট টিম কিন্তু খুবই গোছানো, মাশাআল্লাহ। আমি যখন ২০২৫ নভেম্বরের প্রথম ঢুকেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গে দুইটা টেস্ট ম্যাচে, তখনই বলেছিলাম যে আমাদের টেস্ট টিমটা কিন্তু সবচেয়ে গোছানো।’
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আপাতত না থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিসিবি তাকে অন্য কোনো কাজে নিয়োগ দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
