Published on
:
1 min read
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একই ছবিতে অভিনয়ের সুযোগ। তাও আবার ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলে। এমন প্রস্তাব পেয়ে যে কোনও অভিনেতাই হয়তো লুফে নেবেন। কিন্তু মিঠুন চক্রবর্তী? রাজি হওয়ার আগে সাফ জানিয়ে দিয়েছিলেন নিজের শর্ত।
রজনীকান্তের সঙ্গে অভিনয় করতে হলে পর্দায় তাঁকে মারধর করা চলবে না, এমনকী গুলিও চালানো যাবে না! মিঠুনের এই মজার শর্তের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন স্বয়ং রজনীকান্ত। ‘জেলার ২’-এর প্রচার অনুষ্ঠানে অভিনেতার মুখে এই কাহিনি শুনে হাসির রোল ওঠে।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর তামিল ছবিতে ফিরছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কী, তা এখনও নির্মাতারা বিস্তারিত ভাবে প্রকাশ করেননি। তবে ছবিতে তাঁর উপস্থিতি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ‘জেলার ২ সুপার শো’-তে মিঠুনের সঙ্গে তাঁর কথোপকথনের স্মৃতি ভাগ করে নেন রজনীকান্ত। তিনি জানান, ছবির প্রস্তাব নিয়ে যখন মিঠুনের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন প্রথমেই নিজের চরিত্র সম্পর্কে জানতে চান অভিনেতা।
রজনীকান্ত জানান, প্রথমবার প্রস্তাব পাওয়ার পরই ছবিটি নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না মিঠুন। এর পর ওয়েভস সামিটের একটি অনুষ্ঠানে রজনীকান্তের সঙ্গে দেখা হয় মিঠুনের। সেখানেই ‘জেলার ২’ নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। রজনীকান্ত জানান, সেই আলোচনার সময় মিঠুন তাঁকে বলেছিলেন, তিনি যদি ব্যক্তিগত ভাবে অনুরোধ করেন, তা হলে ছবিটিতে অভিনয় করতে রাজি আছেন।
তবে সেই সম্মতির সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি শর্ত। অর্থাৎ, ছবিতে দুই অভিনেতার চরিত্রের মধ্যে সংঘাত থাকলেও মিঠুনের চরিত্রের উপর যেন সরাসরি আক্রমণ না হয়! মিঠুনের এই শর্ত শুনে রজনীকান্ত জানিয়েছিলেন, তিনি পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন। তবে অভিনেতার ধারণা ছিল, মিঠুন হয়তো কথাটি মজার ছলেই বলেছিলেন
