ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ছিনতাইকারীদের হামলায় মারা গেছেন অটোরিকশা চালক আবদুল হক (৪৫)।
সংসারের হাল ধরতে ধারদেনা ও কিস্তির টাকায় ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন তিনি। সেই অটোরিকশা চালিয়েই চলত দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পাঁচ সদস্যের পরিবার। কিন্তু মাস না পেরোতেই যাত্রীবেশে আসা দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকায় তাকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নিহত আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হক আগে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পরে সবজি বিক্রি করতেন। প্রায় এক মাস আগে দেড় লাখ টাকা কিস্তিতে অটোরিকশাটি কিনে চালানো শুরু করেন। সেটিই ছিল তার পরিবারের আয়ের প্রধান অবলম্বন। তার এমন মৃত্যুতে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নিহতের বড় ছেলে মোহাম্মদ সিফাত হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় চাঁদগাজী বাজার থেকে কয়েকজন লোক যাত্রীবেশে বাবার অটোরিকশা ভাড়া করে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলেন। পথিমধ্যে বাংলা বাজার এলাকায় পৌঁছালে বাবাকে আঘাত করে সড়কে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে ফেসবুকে আহত হওয়ার ছবি দেখে পরিবারের সদস্যরা এসে বাবাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, বাবা কিস্তিতে এই অটো কিনেছিলেন। এখনো এক মাসও হয়নি। এখন বাবা নেই, অটোও নেই। আমরা একবারে অসহায় হয়ে গেলাম। বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মুন্সী আবদুল কাইয়ুম বলেন, আবদুল হক আগে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। একসময় শাক-সবজি বিক্রি করেছেন। পরে অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/আরএফ
