প্রতিনিধি, হবিগঞ্জ · ২২ অক্টোবর, ২০২৬ ১:২২ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সন্ধান এক মাসেও মেলেনি। মেয়েকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন বাবা নূর আলী। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার এবং মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে।
পরিবারের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের কবরস্থানের পাশ থেকে ওই ছাত্রীকে একটি সংঘবদ্ধ চক্র গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
ঘটনার দুই দিন পর, ১৯ সেপ্টেম্বর মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন ছাত্রীর বাবা নূর আলী। পরে আদালতে নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা করেন তিনি।
মামলার এজাহারে আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙা গ্রামের চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন এলাম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া, শাহ আলম মিয়ার ছেলে শুভ মিয়া, মৃত আরজু মিয়ার ছেলে এলাম মিয়া এবং মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম মিয়া।
ছাত্রীর বাবা নূর আলী বলেন, ‘আমার মেয়েকে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও এখনো খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে বেঁচে আছে কি না, অন্তত সেই খবরটুকু জানতে চাই।’
মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মৃদুল হাসান তরফদার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে। শিগগিরই তাকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
