ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের এক যাত্রীকে আটল করাকে কেন্দ্র করে স্টেশন মাস্টার ও এক টিকিট কালেক্টরকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্টেশন কর্মচারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে স্টেশনের গেটে আটকে দেন টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। এ নিয়ে ওই যাত্রীর সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহআলম মিয়া বিষয়টি মীমাংসা করে ওই যাত্রীকে ছেড়ে দেন। এর কিছুক্ষণ পর ওই যাত্রী আরও ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে স্টেশনে এসে সঞ্জিত মণ্ডলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যান ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান। এ সময় তাকেও মারধর করা হয়।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান বলেন, ‘ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ এক যাত্রীকে ধরায় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আমিও হামলার শিকার হয়েছি। হামলাটি পরিকল্পিত মনে হচ্ছে। এভাবে হামলার ঘটনা ঘটলে টিকিট কালেক্টররা দায়িত্ব পালন করবেন কীভাবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম মিয়া বলেন, ‘সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। পরে দুপুরে এসে ওই যাত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দুজনকে মারধর করেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
