সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সীমান্তবর্তী এলাকায় বিজিবির দায়িত্বপূর্ণ বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও ডিবিরহাওর বিওপির সদস্যরা এসব অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, বিভিন্ন ধরনের ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলুসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা চোরাচালানের মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
