নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই দিনের ব্যবধানে এক কিশোরী ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের পর রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে হেলাল উদ্দীন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ রোববার দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় হেলাল উদ্দীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে এবং চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
নিহতের ভাই মো. ইলিয়াছ জানান, তাঁর ভাইয়ের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। দুপুরে হেলাল উদ্দীনকে খাবার খেতে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ পাননি।
পরে ঘরের পর্দা সরিয়ে মাটির ঘরের চালের খুঁটির সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।
মাত্র দুই দিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। তবে দুটি মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ ও নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
