রিয়াল মাদ্রিদে থাকার সময় পিএসজির জার্সিতে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটাই জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।
ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সঙ্গে এক নৈশভোজে দেখা হয়েছিল তার। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।
সেই আড্ডায় রোনালদো নাকি বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি, আর গ্যালারিতে তাকে স্বাগত জানাবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক।
ফেরে জানান, কথাটি কিছুটা রসিকতা করে বললেও রোনালদোর সত্যিই ইচ্ছা ছিল। প্যারিসে পর্তুগিজ অনেকেই বসবাস করাও তার ইচ্ছার অন্যতম কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তখন রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো।
তবে শেষ পর্যন্ত পিএসজিতে খেলা হয়নি তার। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দেন জুভেন্টাসে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
