দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন
মনির হোসেন
- আপডেট সময় : ১১:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের চারটি জোনে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন তাঁরা।
শুক্রবার সকালে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে এ তথ্য জানান কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে কোস্টগার্ড। দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতেও সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মঈনুল হাসান জানান, কোস্টগার্ডের পূর্ব জোনে ৬৩টি, পশ্চিম জোনে ১৪৪টি, দক্ষিণ জোনে ৩৭১টি এবং ঢাকা জোনে ৩৭টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন সদস্যরা।
তিনি বলেন, পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও কাজ করছে কোস্টগার্ড।
পূজার সময় নৌ দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ডের মহাপরিচালক। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানান তিনি। কোস্টগার্ডের জননিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মহাপরিচালক।
