স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এছাড়া ঢাকা উত্তরের দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরো তিন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এছাড়া ঢাকা উত্তরের দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২-এ।
এর মধ্যে অক্টোবরের এ পর্যন্ত ৯৭ জন মারা গেছেন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ২৬০, খুলনা বিভাগে ২৩৩, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৫৯, বরিশাল বিভাগে ১৯৯ ও সিলেট বিভাগে ১৩ জন রয়েছে।
এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯-এ। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গে ১ হাজার ৮৫ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০-এ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮৩৭ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৪৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪৫২। আর ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
হামের উপসর্গে এ পর্যন্ত সবচেয়ে বেশি, ৪৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৯০ জন, চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৩, বরিশালে ৬৫, খুলনায় ৪৯ ও রংপুরে ১৭ জন মারা গেছে।
