কুতুবদিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক প্রাক-প্রাথমিক ক্রিকেটার বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে।
দুই শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেয়া বাছাইয়ে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৩০ জন। দ্বীপে প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে খুদে ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বুধবার উপজেলা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক তত্বাবধানে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মিজানুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, জেলা ক্রিকেট কোচ সুজিত দাশ এবং তরুণ ক্রিকেটার তানিম সিকদার বক্তব্য রাখেন।
জেলা কোচ সুজিত দাশ জানান, আগামী ২৩ অক্টোবর রামু বিকেএসপি মাঠে জেলা দলের বাছাই অনুষ্ঠিত হবে। কুতুবদিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের জন্য এটি নিজেদের যোগ্যতা প্রমাণের পরবর্তী সুযোগ।
তবে প্রতিভা থাকলেও দ্বীপের ক্রিকেটারদের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। নিয়মিত মানসম্মত প্রশিক্ষণ, পর্যাপ্ত ক্রিকেট সরঞ্জাম, উপযুক্ত অনুশীলন মাঠ এবং অভিজ্ঞ কোচের তত্ত্বাবধান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূল ভূখণ্ডে যাতায়াতের সীমাবদ্ধতা ও আর্থিক প্রতিবন্ধকতাও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়ের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন অনেকে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই বড় চ্যালেঞ্জ। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কুতুবদিয়ার খুদে ক্রিকেটাররাও একদিন বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।
