সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নরসিংদীর শিবপুর উপজেলার ৪ নম্বর মাছিমপুর ও ৫ নম্বর চক্রধা ইউনিয়ন পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের আইনি জটিলতা ও সীমানা বিরোধের মামলা নিষ্পত্তি হওয়ায় সম্প্রতি ইউনিয়ন দুটির সীমানা পুনর্নির্ধারণ ও ওয়ার্ড পুনর্গঠন-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
জানা যায়, শিবপুর উপজেলার চক্রধা ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। কিন্তু ২০০৮ সালে পরিষদ দুটির মেয়াদ শেষ হলেও সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত জটিলতা নিয়ে আদালতে দায়ের করা মামলার কারণে নির্বাচন বন্ধ ছিল। ফলে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইউনিয়ন দুটির জনপ্রতিনিধিত্ব, স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে নানা প্রত্যাশা ও প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সীমানা পুনর্নির্ধারণ ও ওয়ার্ডভিত্তিক পুনর্গঠনের গেজেট প্রকাশকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনসংখ্যা ও জনশুমারি ২০২২-এর তথ্য বিবেচনায় নিয়ে ইউনিয়ন দুটির ওয়ার্ড ও সংশ্লিষ্ট এলাকার সীমানা চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিনের সীমানা জটিলতা নিরসনের মাধ্যমে নির্বাচনের অগ্রগতি এসেছে।
গেজেট প্রকাশের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা দেখা দিয়েছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তাঁদের আশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এতে জনগণ তাঁদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।
স্থানীয়দের মতে, নিয়মিত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে জবাবদিহি আরও জোরদার হবে।
তবে গেজেট প্রকাশের মাধ্যমে সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসন হলেও নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের চূড়ান্ত সময়সূচি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।
