রাস্তায় ট্রাকে তল্লাশি চালানোর সময় প্রায়শই পুলিশ কর্মকর্তা ও চালকদের মধ্যে কথোপকথন হয়ে থাকে। তেমনই একটি ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ আধিকারিক ট্রাকচালকের কাছে ‘চা-জলের’ খরচের জন্য টাকা চেয়েছিলেন। কিন্তু, টাকা দেওয়ার পরিবর্তে ওই ট্রাকচালক তাঁকে চায়ের কাপই ধরিয়ে দেন! তার পর? সেই ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
দাবি করা হচ্ছে, ভিডিয়োটি গুজরাতের। ভিডিয়ো অনুযায়ী, ট্রাকচালক যখন একটি চেকপোস্ট দিয়ে যাচ্ছিলেন, তখন এক পুলিশ আধিকারিক তাঁর কাছে চা এবং জল খাওয়ার খরচ বাবদ টাকা চান। অভিযোগ, ওই কথা বলে আসলে ঘুষ চাওয়া হয় ট্রাকচালকের কাছে। কিন্তু, টাকা না দিয়ে চালক উল্টে চায়ের কাপটিই পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন। তাতে ক্ষুণ্ণ হন পুলিশ আধিকারিক।
ভিডিয়োয় রাস্তার পাশে বেশ কয়েকটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। একটি দৃশ্যে ইউনিফর্ম পরা এক পুলিশ আধিকারিককে এক ট্রাকচালকের সঙ্গে দেখা যায়। অন্য একটি দৃশ্যে পুলিশ আধিকারিককে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে এবং এর সঙ্গে চেকপোস্টে ‘চা-জলের’ খরচের জন্য ঘুষ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘খুরপঞ্চইনফ্রা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্য করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে ওই পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।
