অনলাইন প্রতারণা, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ককে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে ‘ফিল্টার’ শিরোনামে নতুন সিনেমা। সিনথিয়া ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সাইমন তারিক টিম। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক ও চাঁদনী শেখ।
গত কয়েক দিন ধরে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির শুটিং। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন প্রতারণার বিভিন্ন ঘটনা এবং প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের নানা দিককে ঘিরে এগোবে এর কাহিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকৌশল ও সাফল্যও গল্পে স্থান পাবে।
বর্তমানে নেত্রকোনার বিরিশিরিতে চলছে সিনেমাটির গানের দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের পরিস্থিতি নিয়ে ওমর মালিক বলেন, বিরিশিরিতে গানের দৃশ্যধারণ চলছে। আবহাওয়া বেশ গরম হওয়ায় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে গানের কাজ ভালো লাগায় এই প্রতিকূলতার মধ্যেও শুটিং উপভোগ করছি। ওমর মালিক জানান, চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
