পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ আরও বিস্তৃত করতে ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। সোমবার থেকে কার্যকর হচ্ছে এর নতুন যাত্রা ও সংশোধিত সময়সূচি। ওই দিন রাত সাড়ে ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির এই নতুন রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে যাত্রা করে রাত ৩টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে এবং ২০ মিনিট যাত্রাবিরতি শেষে ৩টা ২০ মিনিটে কক্সবাজারের পথে রওনা হবে। পরদিন সকাল ৬টায় ট্রেনটির কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
মহানগর এক্সপ্রেসের রুট বর্ধিত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী জেলার যাত্রীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বর্তমানে এ রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি ট্রেনে সৈকত শহরে যাতায়াতের সুযোগ পেতেন না। তবে মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এখন থেকে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার ভ্রমণের সুবিধা পাবেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি বগিবিশিষ্ট ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি এবং প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। নতুন রুটে ট্রেনটি চালুর লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং গত ১৬ অক্টোবর থেকেই এই রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। মধ্যবর্তী অঞ্চলগুলোর বিপুলসংখ্যক পর্যটক সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাওয়ায় যাত্রীদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
