কালবেলা · আন্তর্জাতিক
৩০ বছর আগের ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯/১০/২০২৬

১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিত করে ৪ জনকে হত্যার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির একটি আদালত। নিহতদের মধ্যে ৩ জন ছিলেন মার্কিন নাগরিক। ৯৫ বছর বয়সী রাউলের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মায়ামি হেরাল্ড ও ট্যাম্পা বে টাইমসের হাতে পাওয়া আদালতের নথি অনুযায়ী, ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের পর গত শুক্রবার (১৬ অক্টোবর) পরোয়ানাটি সই করা হয়। আগামী সোমবার (২৬ অক্টোবর) মায়ামিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ারের।
আদালতের নথিতে বলা হয়েছে, কিউবার গোয়েন্দা সংস্থার দুই সদস্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-তে অনুপ্রবেশ করেছিলেন। সংগঠনটি কিউবা থেকে নির্বাসিত ব্যক্তিদের নিয়ে গঠিত এবং কিউবা সরকারের বিরোধিতার জন্য পরিচিত।
অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তি সংগঠনটির বিমানের চলাচলসংক্রান্ত তথ্য কিউবার কর্তৃপক্ষকে সরবরাহ করেছিলেন।
১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবার যুদ্ধবিমান ব্রাদার্স টু দ্য রেসকিউ পরিচালিত দুটি ছোট বিমান ভূপাতিত করে। এতে বিমানে থাকা ৪ জনই নিহত হন।
কিউবার দাবি ছিল, বিমান দুটি তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং আত্মরক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, বিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাও (আইসিএও) পরে জানায়, ঘটনাটি কিউবার আকাশসীমার বাইরে ঘটেছিল।
তদন্তকারীদের হলফনামায় বলা হয়েছে, বিমান চলাচলের তথ্য আগাম সংগ্রহ এবং সামরিক বিমানঘাঁটির ওপর নজরদারির মাধ্যমে ফ্লোরিডায় হত্যার ষড়যন্ত্রের সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এটিই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা নয়। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও তাকে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করে। গত মার্চে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ঘটনাটিতে তার ভূমিকা নিয়ে অঙ্গরাজ্য পর্যায়ে ফৌজদারি তদন্তের ঘোষণা দেন।
রাউল কাস্ত্রো নিহত সাবেক কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর ছোট ভাই। তিনি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট ছিলেন। এর আগে দীর্ঘদিন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗