শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ। দিন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত-পূণ্যার্থীরা। সেই সাথে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবের। মণ্ডপে-মণ্ডপে বিদায়ের সুর।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নবমীতে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণ কামনা করেন ভক্তরা। দশমী ঘিরে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে রয়েছে নানা আনুষ্ঠানিকতা। উৎসবের মাঝেওও ভক্ত-পূণ্যার্থীদের মাঝে বিষাদের ছায়া। দুর্গাপূজা সার্বজনীন উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যও ফুটে উঠেছে দুর্গোৎসবের মধ্য দিয়ে।
