The Sangbad · general
দুই শিক্ষকের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: গ্রেপ্তার ১
১৭/১০/২০২৬

বগুড়ার শেরপুরে ফেসবুকে দুই শিক্ষকের ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর ফটোকার্ড প্রচারের অভিযোগে শফিকুল ইসলাম তানভীর (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটোকার্ড মুছে ফেলার বিনিময়ে এক শিক্ষকের স্বামীর কাছে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।বুধবার (১৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শফিকুল শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ওষুধ ব্যবসায়ী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার শফিকুল একটি ফেসবুক পেজ ও নিজের আইডি থেকে দুই শিক্ষকের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য সংবলিত ফটোকার্ড তৈরি করে পোস্ট করেন। পরে ফটোকার্ড সরিয়ে নেওয়ার কথা বলে অর্থ দাবি করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাইবার অপরাধ ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗