শ্রমিকদের কর্মক্ষেত্রে জান–মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি এবং পরকালীন জবাবদিহির অনুভূতি নিয়ে জীবন গঠনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল সোমবার জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা উদ্বেগজনক। যেকোনো ধরনের হামলা ও সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। এ ধরনের পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন মহানগরীর সহ–সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া, রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, হামিদুল ইসলাম, মুহাম্মদ নুরুন্নবী, স ম শামীম, আবু সুফিয়ান, মাওলানা জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

