যশোরে বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট সৌর প্যানেল স্থাপন, সেচ পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগামী গ্রীষ্মের আগেই দেশে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সরকারের নীতি সহায়তায় এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, পাশাপাশি বাড়ছে কর্মসংস্থানের সুযোগ।
মঙ্গলবার (২১ অক্টোবর) যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছয় কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত এ প্যানেল থেকে কার্যালয়ের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রয়েছে। তাঁর আশা, সাড়ে তিন বছরের মধ্যে প্যানেল স্থাপনের ব্যয় উঠে আসবে।
এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে মনে করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ খাতে নীতি সহায়তা দিচ্ছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।
কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে। পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

