

পাবনায় বসতবাড়িতে জোড়া রাসেল ভাইপার
পাবনার ঈশ্বরদীতে বসতবাড়ির রান্নাঘরের খড়ির ঘরে দুটি বিষধর রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গেছে। পরে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন সাপ দুটিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘইল এলাকায় আমিরুল ইসলাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমিরুল ইসলাম বিশ্বাসের স্ত্রী বাড়ির পাশ থেকে লেবু তুলে ঘরে ফিরছিলেন। এ সময় রান্নাঘরের খড়ির ঘরে দুটি সাপ দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে সাপ দুটিকে পিটিয়ে হত্যা করেন। সাপ দুটি প্রজননের উদ্দেশ্যে একত্র হয়েছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম বলেন, খড়ির ঘরের মতো বসতবাড়ির কাছাকাছি জায়গায় এমন বিষধর সাপ দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণেই সাপ দুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈশ্বরদীর চরাঞ্চলে রাসেল ভাইপারের উপস্থিতি বাড়ছে। বর্ষা মৌসুম শেষে চরে চাষাবাদ শুরু হয়েছে। এ সময় সাপগুলো লোকালয়ে আশ্রয় নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
পাবনার প্রকৃতি ও বন্যপ্রাণীবিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির (এনডব্লিউসিসি) সভাপতি এহসান বিশ্বাস লিটু বলেন, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। সাপ দুটিকে না মেরে উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি ছিল। বন বিভাগের কেউ এসে সাপগুলো উদ্ধার করতে পারলে ভালো হতো।
তিনি বলেন, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে এ সাপের অস্তিত্ব রয়েছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সম্প্রতি এই সাপ বেড়েছে।
পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব প্রামাণিক বলেন, গত কয়েক বছর ধরে ঈশ্বরদীর চরাঞ্চলে ব্যাপকভাবে বিষধর সাপ রাসেল ভাইপারের দেখা মিলছে। এর আগে এ সাপের আক্রমণের শিকার হয়েছেন বেশ কয়েকজন। বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শিগগিরই জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ২
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করে। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোনাডাঙ্গা থানার এএসআই আল মিরাজ খান বলেন, মৃত ভাড়াটিয়ার মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এমন অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মসলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পার্বতীপুরে অসচ্ছল কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতা মানজুর রশিদ
“কৃষক বাঁচলে, দেশ বাঁচবে”—এই অনন্য মানবিক স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর পৌরসভার মাঠে নেমে স্থানীয় অসচ্ছল কৃষকের সাথে ধান কাটায় সরাসরি অংশ নিয়েছেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র সাপ্তাহিক ‘জাগো রংপুর’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানজুর রশিদ। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে মানজুর রশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ধান কাটতে নামেন তাঁর সহধর্মিনী আদুরী বেগম এবং সর্বকনিষ্ঠ কৃষাণী ওয়াজিহা তাবাচ্ছুম মুসকান। এই সময় মানজুর রশিদ রোদে পুড়ে শ্রম দেওয়া কৃষকদের প্রতি সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবে তাঁদের মাঝে গামছা বিতরণ করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। হাড়ভাঙা খাটুনির মাঝে হঠাৎ প্রিয় নেতা ও সমাজসেবককে একেবারে কাছে পেয়ে স্থানীয় কৃষকদের মাঝে বিপুল আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ধান কাটা শেষে সাধারণ কৃষকদের উদ্দেশ্যে মোঃ মানজুর রশিদ বলেন:কৃষকরাই আমাদের দেশের অর্থনীতির আসল চালিকাশক্তি। তাঁদের রক্তজল করা শ্রম ও অবদানের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে পুরো দেশের খাদ্য নিরাপত্তা। তাই প্রতিকূল সময়ে এসব মেহনতী মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সাথে একাত্ম হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। পার্বতীপুরের বর্গা চাষী কৃষক মানিক মিয়া আবেগপ্লুত কণ্ঠে তাঁর অভিজ্ঞতার কথা জানান, আমি একজন সাধারণ বর্গা চাষী। পার্বতীপুর উপজেলা কৃষি অফিস থেকে ‘বাসুমতি’ ধানের বীজ পেয়েছিলাম। তা রোপণ করার ১১৫ দিনের মাথায় ধান পরিপক্ক ও কাটার উপযোগী হয়। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে আমার কাছে ধান কাটার মতো কোনো টাকা ছিল না। দুশ্চিন্তায় দিশেহারা হয়ে আমি মানজুর রশিদ ভাইয়ের কাছে সমস্যার কথা জানাই। তিনি বিষয়টি শোনামাত্রই কোনো দ্বিধা না করে স্বেচ্ছায় নিজ দায়িত্বে লোকজন নিয়ে মাঠে নেমে আমার পুরো জমির ধান কেটে দেন এবং তা সসম্মানে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমি মানজুর রশিদ ভাইয়ের এই মহানুভবতায় অত্যন্ত আনন্দিত ও চিরকৃতজ্ঞ। কৃষক ও মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর এই মহতী ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জননেতা মোঃ মানজুর রশিদ।

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং অন্যজন কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাদের পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন। তবে , এই সার মজুদ ও বিক্রি সংক্রান্ত বিষয় উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তা, সার ডিলার রেজিস্ট্রার খাতা দেখে সারের মজুদ ও বিক্রির বিষয়টি নিশ্চিত করে থাকে। কিন্তু এ জেলায় উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তাকে সব সময় সার সংক্রান্ত কোন সমস্যা সৃষ্টি হলে তারা নিজেরা অপরাধী হয়েও কৌশলে বিচারকের ভুমিকায় থাকে বলে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন। সে কারনে অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে কৃষকদের কাছে সার বিক্রির বিষয়টি কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ থাকলেও সেটা কি কারনে উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তা জানেনা, সেটা প্রশ্নবিদ্ধ ! কারন প্রত্যেক সময় তারা সার মজুদ ও বিক্রি সংক্রান্ত রেজিস্ট্রার যাচাই করে থাকে। কিন্তু এ প্রতিষ্ঠানটি আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মুখে পড়লেও প্রতিষ্ঠানটিকে কোন পর্যবেক্ষণের আওতায় আনেননি কৃষি কর্মকর্তারা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় জানান, এদিন রাত আনুমানিক ৮টার দিকে ১ হাজার ৫০০ বস্তা সার অবৈধভাবে মজুদের দায়ে দামুড়হুদার নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্ত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষিকর্তা বাদী হয়ে যে মামলাটি করবেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে।

যশোরে আওয়ামী লীগ নেতা আটক
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা আজিজ সিটি এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তিনি বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে। ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, দিলো পাটোয়ারীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার একাধিক অভিযোগ আছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নানা ভাবে একত্রিত করার অভিযোগ আছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।


