গাজীপুরের কালিয়াকৈরে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সফিপুর এলাকার কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় অবস্থিত কারখানাটির হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক জানান, আগুন লাগার পরপরই সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকেরা নিজেদের উদ্যোগেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে ৪টি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিআলো/শিলি