ঢাকা অফিস ||
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন গায়কের ভক্তরা।
আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ ঘটনাটি নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। এই তারকাপত্নী বলেন, “পাঁচ বছর পর। ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।”
বেগম সালমা আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে তিনি বলেন, “ভোর ৫টার দিকে মগবাজার বিশাল সেন্টার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়ি টার্গেট করে গুলি করা হয়েছে। সে সময় উনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন উনি নিরাপদে আছেন। আল্লাহ হেফাজতের মালিক।”
পরে ঘটনার বর্ণনা বেগম সালমা আসিফ একটি গণমাধ্যমে বলেন, “আসিফ আমাকে এটুকু বলেছে, কে বা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।”
আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে বেগম সালমা আসিফ বলেন, “আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কী থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।”
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি। তবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাতিরঝিল থানা–পুলিশ।
