চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে আটক ৩ জেলের মধ্যে দুই জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
এ সময় নিষিদ্ধ কারেন্টজাল ও মা ইলিশ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। অভিযানে অংশগ্রহণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও কোস্ট গার্ডের টহল দল।
মিজানুর রহমান বলেন, সান্ধ্যকালীন অভিযানে জেলা টাস্কফোর্সের আওতায় জেলা প্রশাসন, সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চেয়ারম্যান স্টেশন, কোম্পানির চর, সেল্লার চর, নন্দীগ্রাম, হরিনা, বহরিয়া, দোকানঘর ও হরিসভা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় ২জন জেলে আটক, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক দুই জেলেকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড, জনপ্রতি ৫০০ টাকা করে জরিমানা এবং জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/
