রাজবাড়ীর বালিয়াকান্দিতে চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন চীনের একটি প্রতিনিধিদল। প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা এবং সৌরবিদ্যুৎ প্রযুক্তি ও সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চীনের সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লুসান সোলারের জেনারেল ম্যানেজার মিসেস পুফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহাদ চৌধুরী।
প্রতিনিধিদলটি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলাকায় অবস্থিত প্রকল্পের জন্য প্রস্তাবিত ৩ দশমিক ৫ একর জমি ঘুরে দেখে।
প্রকল্প পরিদর্শনকালে চীনে উৎপাদিত সোলার পিভি প্যানেল বাংলাদেশের স্থানীয় বাজারে সরবরাহ এবং সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে সেখানে একটি বাণিজ্যিক সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটির বাস্তবায়ন ও উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।
