শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে। নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সাংগঠনিক সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেবেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করার কথা রয়েছে।
এর আগে গত ৯ আগস্ট নগরীর হোটেল র্যাডিসন ব্লুর হল রুমে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
