Published on
:
2 min read
অষ্টমীর জন্য কাটদানা জামদানি, নবমীর জন্য টিস্যু কাঞ্জিভরম আর দশমীতে গরদের শাড়ি কিনেছেন। শাড়ি পরেই এ বছর প্যান্ডেল হপিং করবেন। কিন্তু দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডও সময় লাগে না। এগরোল খেতে শাড়িতে সস পরে গেল। কিংবা ফুচকা খেতে গিয়ে তেঁতুল জল চিটকে পড়লে শাড়িতে। ব্যস, ঠাকুর দেখা মাথায় উঠল। দাম দিয়ে কেনা শাড়ি, সাধ করে সেজেছেন, সব শেষ করে দিতে পারে একটা দাগ। টমেটো সসে বা তেঁতুল জলে শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তা হলে শাড়ি থেকে খাবারের দাগ তুলবেন কী ভাবে? রইল টিপস।
কাজে লাগান ভিনিগার
সব শাড়ি হাতে কাচা যায় না। ড্রাই ওয়াশ করাতে হয়। কিন্তু দাগ তুলতে আপনি কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন। সমপরিমাণ জল ও ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। ঠিক যেখানে দাগ লেগেছে তার উপর স্প্রে করুন এই মিশ্রণ। তুলো বা নরম কাপড় দিয়েও ভিনিগার দাগের উপর লাগিয়ে নিতে পারেন। আলতো করে ঘষুন বা থুপে থুপে লাগান। দাগ হালকা হয়ে এলে আর একটি কাপড় ঠান্ডা জল ভিজিয়ে তা দিয়ে শাড়ির ওই অংশ মুছে নিন। তার পরে শাড়িটা ভালো করে শুকিয়ে নিন।
উপকার মিলতে পারে বেকিং সোডায়
বাড়ি ফিরেই শাড়িতে বেকিং সোডার পেস্ট লাগিয়ে নিন। বেকিং সোডার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। দাগ লাগা অংশে দাঁত মাজার ব্রাশ অথবা তুলোর বল দিয়ে বেকিং সোডার পেস্টটা আলতো করে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পরে নরম ব্রাশ দিয়ে ঘষে পেস্টটা তুলে দিন। তারপরে ঠান্ডা জলে কাপড় দিয়ে নিন এবং সেটা দিয়ে শাড়ির ওই অংশটা থুপে থুপে মুছে ফেলুন।
শাড়ির যত্নে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন?
শাড়ির যে অংশে দাগ লেগেছে, শুধু তার উপরই ভিনিগার বা বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করুন।
দাগ লাগার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলার চেষ্টা করুন। এতে শাড়িতে দাগ ধরবে না এবং দাগ দ্রুত উঠে যাবে।
সিল্কের শাড়ি হলে বেশি ঘষাঘষি করবেন না। আলতো হাতে থুপে থুপে পরিষ্কার করুন।
যে কোনও পদ্ধতি ব্যবহারের আগে তা প্যাচ-টেস্ট করা উচিত। শাড়ির কোনও একটি প্রান্তে, ভিতরের দিকে অল্প মিশ্রণ লাগিয়ে দেখুন। শাড়ি নষ্ট না হলে তবেই সেটা দাগ লাগা অংশে ব্যবহার করুন।
যদি ঝুঁকি নিতে না চান, তা হলে দোকানে ড্রাই ওয়াশ করিয়ে নেওয়াই ভালো।
FAQ
১. শাড়ি থেকে খাবারের দাগ কী ভাবে তুলবেন?
ভিনিগার ও জল অথবা বেকিং সোডার পেস্ট দিয়ে দাগ হালকা করার চেষ্টা করতে পারেন।
২. শাড়ির দাগ তুলতে ভিনিগার কী ভাবে ব্যবহার করবেন?
সমপরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে দাগের উপর আলতো করে লাগান। পরে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে মুছে নিন।
৩. বেকিং সোডা দিয়ে শাড়ির দাগ তোলা যায়?
বেকিং সোডা ও ঠান্ডা জলের পেস্ট দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে আলতো করে পরিষ্কার করতে পারেন।
৪. সিল্কের শাড়ি থেকে দাগ তোলার সময় কী সতর্কতা জরুরি?
শাড়ি বেশি ঘষবেন না। যে কোনও পরিষ্কারক ব্যবহারের আগে অদৃশ্য অংশে প্যাচ টেস্ট করুন।
৫. শাড়ির দাগ না উঠলে কী করবেন?
শাড়ির ক্ষতি এড়াতে বিশেষ করে দামি বা সিল্কের শাড়ি হলে পেশাদার ড্রাই ক্লিনিং করানো ভালো।
