ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও’র ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তার ডান ফুসফুসের নিচের অংশের একটি টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর এই রোগ শনাক্ত হয়। ভ্যাটিকানের প্রকাশিত এক মেডিকেল বুলেটিনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ভ্যাটিকান জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ধরা পড়েছে। অস্ত্রোপচারের আগের পরীক্ষাতেই চিকিৎসকরা এমন সন্দেহ করেছিলেন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, ৯০ মিনিট ধরে চলা এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। ৭১ বছর বয়সী পোপ বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে নিজের কক্ষে অবস্থান করছেন। আগামী ২০শে অক্টোবর পর্যন্ত তার সব আনুষ্ঠানিক কর্মসূচি ও সাক্ষাৎ বাতিল করা হয়েছে।
প্রেস অফিস জানায়, চিকিৎসকরা সন্দেহজনক সব কোষ ও টিস্যু সম্পূর্ণ অপসারণ করেছেন, যাতে ক্যানসারের কোনো অংশ অবশিষ্ট না থাকে। অস্ত্রোপচারের আগে হাসপাতালের সামনে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান পোপ লিও। সেন্ট পিটার্স স্কয়ারে রোববার দুপুরের প্রার্থনার সময় পোপ নিজেই প্রথম তার ফুসফুসে ছোট একটি নডিউল ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। শারীরিক দিক থেকে সক্রিয় পোপের আগে বড় কোনো জটিল রোগের ইতিহাস ছিল না।
তিনি নিয়মিত সাঁতার কাটতেন ও টেনিস খেলতেন। আগামী ৬ থেকে ১৭ই নভেম্বর তার ল্যাটিন আমেরিকা সফরের কথা রয়েছে, যার মধ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু অন্তর্ভুক্ত। তবে এক ডজন ফ্লাইট ও পেরুর উচ্চতাজনিত আবহাওয়া সংবলিত এই দীর্ঘ সফর তার শারীরিক অবস্থার কারণে স্থগিত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও পোপ সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি এই সফরে যাওয়ার ইচ্ছা বজায় রেখেছেন।
