রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার তিন নেতাই আওয়ামী লীগের বিভিন্ন পদধারী কর্মকর্তা। তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে ঢাকায় অবস্থান করছিলেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার জন্য ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন।
বর্তমানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএএ/ওয়াইএ
