সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তার মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিন বছর আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার জসিমকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে অবস্থানরত জসিমের স্বজন ও সহকর্মীরা দেশে মৃত্যুর খবর পাঠালে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। জসিমের চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু আহমদ জানান, জসিমের মরদেহ বর্তমানে সেখানকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। শান্ত স্বভাবের ও পরিশ্রমী এই যুবককে হারিয়ে এখন দিশাহারা পরিবারটির স্বজনেরা। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
