শুধু ফ্রিজারের বোতলেই নয়, শীতের বৃষ্টিতেও অতিশীতল পানির ভূমিকা আছে। কখনো কখনো আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ে, কিন্তু মাটিতে পড়ার সঙ্গেই তা বরফে পরিণত হয়। রাস্তা, গাছের ডাল, গাড়ির কাচ কিংবা বিদ্যুতের তারের ওপর বরফের আস্তরণ তৈরি হয়। এ ঘটনাকে বলে জমাট বৃষ্টি বা ফ্রিজিং রেইন। এর জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রার একটি বিশেষ বিন্যাস প্রয়োজন। প্রথমে ওপরের ঠান্ডা অঞ্চলে বরফের কণা বা তুষার তৈরি হয়। নিচের দিকে নামতে নামতে এগুলো উষ্ণ বায়ুর স্তরে প্রবেশ করে এবং গলে বৃষ্টির ফোঁটায় পরিণত হয়। এরপর ফোঁটাগুলো মাটির কাছাকাছি ০ ডিগ্রি সেলসিয়াসের নিচের একটি ঠান্ডা বায়ুস্তরের মধ্য দিয়ে যায়। এই ঠান্ডা স্তরটি অগভীর হলে ফোঁটাগুলো পুরোপুরি জমে যাওয়ার মতো সময় পায় না। ফলে সেগুলো তরল অবস্থাতেই মাটির দিকে নেমে আসে। কিন্তু ফোঁটাগুলো যখন কোনো ঠান্ডা পৃষ্ঠে আঘাত করে, তখন বরফ তৈরির সূচনা ঘটে এবং সেগুলো দ্রুত জমে যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ব্যাখ্যা অনুযায়ী, জমাট বৃষ্টি হলো এমন বৃষ্টি, যা মাটির সংস্পর্শে এসে জমে বরফের আস্তরণ তৈরি করে। এ ঘটনাকে ফ্রিজারের বোতলে টোকা দেওয়ার ঘটনার সঙ্গে তুলনা করা যায়। বোতলের ক্ষেত্রে পানি অতিশীতল অবস্থায় থাকে, তারপর টোকা বরফ তৈরির সূচনা ঘটায়। জমাট বৃষ্টির ক্ষেত্রে ফোঁটাগুলো অতিশীতল অবস্থায় মাটিতে পৌঁছায় আর ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এসে জমে যায়।
০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই পানি জমে যায় না কেনপানি হিমাঙ্কের নিচেও তরল থাকে কীভাবেপানি সর্বনিম্ন কত তাপমাত্রায় ঠান্ডা হয়েও তরল থাকতে পারেঅতিশীতল পানিতে টোকা দিলেই বরফ জমে যায় কেননাড়াচাড়া করে কি পানি জমে যাওয়া রোধ করা যায়