বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কারও সঙ্গে শত্রুতা না থাকার পরও কেন তাঁর ওপর হামলা চালানো হয়েছে, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন অভিনেতা।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর এত দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। হামলার দায় বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় টাইগার বলেন, ‘এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে চাই না। কে আমার ওপর এমন প্রাণঘাতী হামলা করল, আর কেনই বা করল? কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমার ওপর হামলা চালানো হলো কেন?’
এদিকে, ঘটনার তদন্তে টাইগার শ্রফের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা। তবে মানসিকভাবে প্রস্তুত না থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়নি। আপাতত তদন্তের অংশ হিসেবে তাঁর গাড়িচালক ও আহত এক ভ্লগারের বক্তব্য নিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা প্রধান দুই সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছেন। তাঁদের দুজনেরই বয়স ১৮ বছর। অভিযোগ রয়েছে, ২২ বছর বয়সী রতিক কুমার, যিনি রোশন নামেও পরিচিত, তাঁদের সহযোগিতা করেছিলেন। গুলি চালানোর পর অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে আন্ধেরি এলাকা থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার ইন্দোর থেকে ২২ বছর বয়সী প্রাঞ্জল ঠাকরানকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের আর্থিক, সাংগঠনিক ও অন্যান্য সহায়তা দিয়েছিলেন তিনি।
এমএম/
