শরতের স্নিগ্ধ সকাল, ঢাকের সুর আর ধূপের সুবাসে মুখরিত মন্দির প্রাঙ্গণ। ভক্তির আবেশে দেবীর চরণে অঞ্জলি প্রদান এবং এক শিশু কন্যার মাঝে দেবী দুর্গার জীবন্ত রূপ দর্শনের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় উদযাপিত হয়েছে মহাষ্টমীর ঐতিহ্যবাহী কুমারী পূজা।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর পবিত্র তিথিতে পটিয়া উপজেলার হাইদগাঁও অঞ্চলের ব্রাহ্মণপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দিরে এ পূজার আয়োজন করা হয়।
মন্দিরের প্রধান পুরোহিত শ্রী বাবলা চক্রবর্তীর মন্ত্রোচ্চারণে শাস্ত্রীয় রীতি মেনে কুমারী লগ্নজীতা চৌধুরীকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে মণ্ডপে বসিয়ে পূজা করা হয়। ধূপ, দীপ, পুষ্পমাল্য প্রদানসহ নানা উপাচারে উদযাপিত হয় শাস্ত্রীয় এ আনুষ্ঠানিকতা।
দেবী রূপধারী কুমারী লগ্নজীতা চৌধুরী বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের বাসিন্দা সমাজসেবক অরজিত চৌধুরী ও কণ্ঠশিল্পী শাপলা পাল দম্পতির সন্তান।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় নারীর সম্মান, মাতৃশক্তি ও পরম পবিত্রতার প্রতীক হিসেবে এক শিশু কন্যাকে দেবীর আসনে বসিয়ে আরাধনা করা হয়। শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ এ আয়োজন দেখতে মণ্ডপ প্রাঙ্গণে হাজারো অনুরাগী ও পুণ্যার্থীর আগমন ঘটে। ভক্তরা এ সময় পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দির পরিচালনা পর্ষদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ পূজা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় আবহকে আরও সুদৃঢ় করেছে।
জেএইচআর
