ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া খেলার সরঞ্জাম, কম্পিউটার, মোবাইলসহ ফাতিউল আলম (৫৬) ও আকাশ আলী (২৬) নামে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক দুজন সম্পর্কে বাবা-ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরপর শনিবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটকদের মহেশপুর থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের একটি বাড়িতে বসে দেশে ও বিদেশের বিভিন্ন মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামের ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ওই সময় জুয়া খেলা অবস্থায় ফাতিউল আলম ও তার বড় ছেলে আকাশ আলীকে আটক করা হয়। ডিবি পুলিশের অভিযান টের পেয়ে ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পালিয়ে যায়। অভিযানে ওই বাড়ির একটি ঘর থেকে কম্পিউটার, মোবাইলসহ অনলাইনে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে মহেশপুর থানার মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হবে।’
