পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে কোনো ছাড় না দিয়ে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ ও তদারকি অভিযানে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আইন অমান্যকারীদের প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সকাল থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী নগরীতে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বেশ কিছু মেগা উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের। দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বহুল কাঙ্ক্ষিত ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেখানকার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী নাটোর রোড (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত নবনির্মিত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন এবং সেখানে স্মারক বৃক্ষরোপণ করেন। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী
১২ অক্টোবর ২০২৬
২৯ সেপ্টেম্বর ২০২৬
২৯ সেপ্টেম্বর ২০২৬
