স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের ফিসক্যাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার-ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেয়া হয়েছে।
থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’ অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস। অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন ডেল টেকনোলজিসের ইমার্জিং মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহ মাক, প্রডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্টের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে পুরস্কারটি নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ডেল টেকনোলজিসের কাছ থেকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত গ্রাহক ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ স্বীকৃতি আমাদের গ্রাহক, অংশীদার এবং নিবেদিতপ্রাণ দলের সদস্যদের, যাদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।’ এ পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন আইটি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের ভূমিকার স্বীকৃতি বহন করে।
ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার ক্রমেই বাড়তে থাকায় এন্টারপ্রাইজ সার্ভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে।
এ আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব আরো সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডেল বাংলাদেশের চ্যানেল সেলস বিভাগের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।
