চোরবাগান প্যান্ডেল চত্বর গতকালের ঘটনার পরে। Ei Samay
Published on
:
1 min read
চোরবাগান সর্বজনীনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু উত্তর ২৪ পরগনার বরাহনগরের এক দম্পতির। মৃতদের নাম দিলীপ ঘোষ (৬২) এবং দীপালী ঘোষ (৫৬)। তাঁরা বরাহনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এন কে চ্যাটার্জি রোডের বাসিন্দা। সপ্তমীর সন্ধ্যায় আনন্দের মেজাজে একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু সেই আনন্দ নিমেষে পরিণত হলো শোকে।
পারিবারিক সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় চোরবাগানের প্রতিমা দর্শন করতে গিয়েছিলেন দিলীপ ও দীপালী। সেখানে হঠাৎ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা ও ভিড়ের চাপে পদপিষ্ট হন তাঁরা। মৃত দম্পতির ভাইপো মিলন ঘোষ জানিয়েছেন, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ তাঁরা দুর্ঘটনার খবর পান।
প্রথমে তাঁদের জানানো হয়েছিল কাকা ও কাকিমা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন। সেখানে পৌঁছে তাঁরা দিলীপকে মৃত অবস্থায় দেখেন। এর পর দীপালীর খোঁজ শুরু হলে কিছুক্ষণ পর জানা যায়, তিনিও মারা গিয়েছেন।
একইসঙ্গে পরিবারের দুই প্রবীণ সদস্যকে এ ভাবে চিরতরে হারিয়ে কার্যত বাকরুদ্ধ আত্মীয়স্বজনরা। হাসিমুখে বাড়ি থেকে বেরিয়ে এমন ভয়াবহ পরিণতি হবে, তা এখনও বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরা। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। কোনও সহায়তার প্রয়োজন হলে নির্দিষ্ট হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধায়ক সজল ঘোষও হাসপাতালে পৌঁছে বরানগর এই পরিবারের পাশে দাঁড়ান।