খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ২৩ বছর ধরে পূজা পার্বণে নিজের জন্য কোনো নতুন জামা কেনেন না গৌতম দাস। বরং তার পরিবর্তে সেই টাকায় দুস্থদের জন্য নতুন জামা কেনেন তিনি। জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের মাদরাসা রোডের স্বাগতম জুয়েলার্সের মালিক গৌতম কুমার দাস এ সাংবাদিককে বলেন, “দীর্ঘ ২৩ বছর আগে আমি একদা এক পূজামন্ডবে গিয়ে দেখতে পাই, বেশিরভাগ মানুষের গায়ে নতুন জামা, বেশকিছু মানুষের শরীরে নেই কোনো নতুন জামা। তারা বিমর্ষ, মনভার। নেই তেমন উচ্ছ্বাস আনন্দ। সাথের স্ত্রী সন্তানরা অন্যের নতুন জামা কাপড় আড় চোখে দেখছে। অনেক শিশু অন্য শিশুর গায়ের নতুন জামা দেখে জেদ ধরছে নতুন জামার জন্য।
এসব দৃশ্য দেখার আগেও অনেক হিন্দু-মুসলিমের ধর্মীয় অনুষ্ঠানাদিতেও বারবার একই চিত্র দেখেছি। এসব দেখে আমার হৃদয় মন কেঁদে ওঠে। তখন থেকেই আমি এ সিদ্ধান্ত নিই যে, কোনো পূজা-পার্বণে আমি নতুন জামা না কিনে সেই টাকায় গরীব-অসহায়দের মধ্যে বিলিয়ে দেব বা জামাকাপড় দেব সাধ্যের মধ্যে। এক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণ-আদর্শের প্রতি কোনো লক্ষ থাকে না।
দেওয়ানগঞ্জের পৌর শহরের কৈবর্তপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাস (টারু)-র পুত্র গৌতমকুমার দাস আরও জানান, তিনি তার ব্যবসার পাশাপাশি গীতিকবি হিসেবেও পরিচিত। এ পর্যন্ত দেশাত্ববোধক ও আধুনিক গান মিলে আট-নয়টি গান রিলিজ হয়েছে। বিটিভি ও এটিএন বাংলায় কাজ করেছেন বলেও তিনি জানান।
The post ২৩ বছর ধরে পূজায় নিজের জন্য না কিনে দুস্থদের জন্য নতুন জামা কেনেন গৌতম দাস first appeared on দৈনিক আজকের জামালপুর.
