মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত উচ্ছেদ করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাতামুহুরি উপজেলার প্রশাসক শাহীন দেলোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীসহ চকরিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পথচারীরা যা বলছেন
পথচারীরা জানান, ফুটপাত অবৈধভাবে দখল হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়। ফুটপাত দখলমুক্ত করায় পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও প্রশাসনকে নিয়মিত নজরদারি রাখতে হবে।
সচেতন মহলের মতে, পৌর এলাকার সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা জরুরি। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে চকরিয়া পৌরসভার সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
