জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কালবেলার সিলেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কালবেলা সময়কে ধারণ করতে পেরেছে বলেই পাঠকের কাছে পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়ছে। সমাজের নিপীড়িত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে কালবেলা। আগামী দিনেও গণতন্ত্র ও সমাজের কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, কালবেলা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটির সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই তার সম্পৃক্ততা রয়েছে। আগামী দিনেও কালবেলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, সাদাকে সাদা ও কালোকে কালো বলার নীতিতে এগিয়ে যাচ্ছে কালবেলা। পত্রিকাটির মুদ্রিত ও অনলাইন সংস্করণ সমানতালে জনপ্রিয়তা অর্জন করছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, কালবেলার কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রত্যাশা করেন তারা। সংবাদ পরিবেশনে সমাজের সব পক্ষের বক্তব্য তুলে ধরা জরুরি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ চৌধুরী ও জেলা পুলিশ সুপার ড. জাবেদ চৌধুরীও কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ তরুণদের সমস্যা, বেকারত্ব ও সামাজিক সংকট নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ তাজউদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়।
