নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় বন্ধ ঘরের দেয়াল ভেঙে ১৬ বছর বয়সী এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী মো. হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈরাগ এলাকায় আমীর হোসেনের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ উপজেলার দুধকুমড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নাগু মিয়ার বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী মো. হাসান বৈরাগ এলাকার মো. সাদেকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নাশতা শেষে হাসানের নানী ভিক্ষা করতে বাড়ির বাইরে যান। পরে সকাল ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে ঘরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
