সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি খুলে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে ফেসবুকে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলো।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।
গ্রেপ্তাররা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা (২৭)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ প্রতারণা লব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, ।বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগি সেল বাজার ২.০ এবং কম্বল.বিডি নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এরা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা।
ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি। ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার বিষয়টি অভিযোগ করলে প্রতারক চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি টিম। এ ঘটনায় তাদের নামে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে একাধিক প্রতারকচক্র এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। ইতিপূর্বে একাধিক ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
