দীর্ঘ সময় পর আবারও নতুন গান দিয়ে শ্রোতাদের মুখোমুখি হচ্ছেন কণ্ঠশিল্পী শিলা। দু-হাজার সালে ক্যারিয়ার শুরু করা এই গায়িকা একসময় নিয়মিত গান করলেও মাঝে একক গান থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতি পেরিয়ে শিলা শ্রোতাদের জন্য নিয়ে আসছেন ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের নতুন একটি গান। জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
জানা গেছে, ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় ঝরহমবৎ ংযরষধ ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও আকারে অবমুক্ত হবে। এ ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাবে বলে জানিয়েছেন শিলা।
আগামী দিনেও শ্রোতাদের জন্য নতুন ও ভালো গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে শিলা বলেন, ‘আমি তোমার বুলবুলি’ গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সবার ভালোবাসা অর্জন করবে। এখন থেকে আমাকে গানে নিয়মিত পাওয়া যাবে। সামনে নতুন আরও কিছু গান আসছে, যা ধারাবাহিকভাবে মুক্তি পাবে। এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করব।
এর আগে ২০০৯ সালে সাউন্ডটেক থেকে শিলার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছিল। সেই গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছিলেন রাজীব। এ ছাড়া কয়েকটি গানের সঙ্গে গীতিকার আহমেদ রিজভী যুক্ত ছিলেন। প্রায় ২৫ বছর ধরে গান ও সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পী শিলা। দীর্ঘ এই সংগীতজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো ও সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। দেশের বাইরেও বিভিন্ন মঞ্চে গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন শিলা। বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ মিউজিক অনুষ্ঠানেও রয়েছে তার অংশগ্রহণ। সংগীতজীবনে গানের জন্য তিনি অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। দীর্ঘদিনের সংগীতচর্চা, অভিজ্ঞতা ও শ্রোতাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে শিল্পী শিলা এগিয়ে যেতে চান আরও বহুদূর।
