চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার উৎসবের সময় বিদ্যুৎস্পর্শে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী। খবর পেয়ে প্রায় ৩ ঘণ্টা পর মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের তার ছিঁড়ে যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সোমবার সকালে পুকুরে গোসল করতে গেলে ছিঁড়ে যাওয়া তারের সাথে লেগে বিদ্যুৎস্পর্শে গৃহবধূ প্রিয়াঙ্কা পুকুরে পড়ে যান।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, সোমবার খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। মারা যাওয়ার বিষয়ে তারা কোনো ধরনের মামলা করবে না বলে জানান।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আদনান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে গত ২৪ ঘণ্টায় এমন অভিযোগ আমাদের অফিসে কেউ জানায়নি। তাহলে পল্লী বিদ্যুতের অবহেলা হলো কীভাবে। কয়েকজন ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এ বিষয় অবহিত করেছে।
বিদ্যুৎ সরবরাহ বিভিন্ন কারণে বন্ধ থাকতে পারে। আজ সকালে ফোন করে তারে লেগে এক নারী মারা যাওয়ার খবর শুনেছি। কীভাবে মারা গেল বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
