স্টাফ করেসপন্ডেন্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগেই ঢাকায় ফেরত আনা হয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর করবেন। দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার নজিরবিহীন ঘটনা ঘটলো।
রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরত আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জাস্ট নিউজকে নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, অতি সম্প্রতি মন্ত্রণালয় থেকে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলীকে অবিলম্বে টোকিও ত্যাগ করে ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের এই আকস্মিক নির্দেশনা পাওয়ার পর রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও থেকে ঢাকায় ফিরে এসেছেন এবং বেশ কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।
রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে টোকিওতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলামের ওপর। তিনি ইতিমধ্যে টোকিও পৌঁছেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, যেকোনো দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত হলেন মূল সমন্বয়কারী। এই ধরনের সফর শুরুর মাত্র কয়েক দিন আগে একজন রানিং রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরত পাঠানোর ঘটনা প্রশাসনিক ও কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত বিরল ও অস্বাভাবিক।
