Published on
:
1 min read
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই মামলায় এ বার বড়সড় স্বস্তি পেলেন শতদ্রু দত্ত। বিধাননগর দক্ষিণ থানার তরফে শতদ্রুর প্রায় ১৯ কোটি টাকার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল। তা খুলে দেওয়ার নির্দেশ দিল কোর্ট। শুধু তাই নয়, জ়োম্যাটোকেও দেশের অন্যান্য ইভেন্টের টাকা আটকে রাখার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ করে আদালতে যান শতদ্রু দত্তের আইনজীবী। একাধিক শুনানির পরে অবশেষে রায় দিল বিধাননগর এসিজেএম আদালত। নির্দেশ স্পষ্ট, অবিলম্বে শতদ্রুর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং জ়োম্যাটোকে বকেয়া টাকা ছাড়তে হবে।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য ৩৮ দিন জেলে থাকতে হয়েছিল শতদ্রু দত্তকে। মেসির ‘GOAT India Tour 2025’-এর আয়োজক শতদ্রু দত্তের স্পষ্ট বক্তব্য ছিল, সে দিন মাঠে বিশৃঙ্খলার জন্য দায়ী ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করেছিলেন শতদ্রু।
গ্রেপ্তারির ৩৮ দিনের মাথায় গত জানুয়ারিতে বিধাননগর আদালত শতদ্রুকে জামিন দেয়। শতদ্রুও প্রথম থেকেই এই মামলায় তৎকালীন শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজ্যে পালাবদলের পরে সেই সব অভিযোগের খাতা খুলতে শুরু করে। অরূপ বিশ্বাসকে বার বার থানায় হাজিরা দিতে হয়।
এরই মধ্যে আদালতে স্বস্তি শতদ্রুর। বিধাননগর দক্ষিণ থানার আবেদন খারিজ করে প্রায় ১৯ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দিল বিধাননগর আদালত। পাশাপাশি, জ়োম্যাটোকেও আটকে রাখা টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জ়োম্যাটোর নোডাল অফিসারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।