কালবেলা · সাধারণ
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১
২৪/১০/২০২৬

রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. লিজন বলেন, ‘৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ইমরান নামের এক যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।’
তিনি বলেন, ‘নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। আহত যুবক ইমরান মগবাজার এলাকায় থাকেন ও টেইলার্সের কারিগর হিসেবে কাজ করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗