তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর লালমনিরহাট জেলা স্টেডিয়ামটি নতুন রূপে প্রাণ ফিরে পেয়েছে। এ বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, একসময় জেলা প্রশাসকের উদ্যোগে লালমনিরহাটে জাঁকজমকপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো। কিন্তু দীর্ঘদিন তা বন্ধ ছিল। এমনকি স্টেডিয়ামটি তালাবদ্ধ থাকায় মাঠ ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল। সম্প্রতি মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজিয়ে আবার খেলাধুলার উপযোগী করা হয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সক্রিয় থাকলে মাদকাসক্ত যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা সম্ভব। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার নতুন আগ্রহ তৈরি হচ্ছে এবং তারা মাঠমুখী হতে শুরু করেছে। তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করুন। নিয়মিত মাঠে আসার সুযোগ পেলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ দ্রুত ঘটবে।
১৬টি দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘মর্নিং স্টার ফুটবল একাডেমি’ ও ‘বসুন্ধরা ক্রীড়া চক্র’।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
