শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ছয়টি পূজামণ্ডপে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।
ভালুকা পৌরসভার মেয়র প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদের উদ্যোগে পৌরসভার ছয়টি পূজামণ্ডপে এসব খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সহসভাপতি সেলিম মো. কাদের, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপন বণিক, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে।
তাঁরা আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
The post ভালুকায় ছয় পূজামণ্ডপে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ appeared first on ভোরের চেতনা.
