দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় কুড়িগ্রামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার এলাকায় ফাতিহা ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মাইদুল ইসলাম (২২) ও শাকিল খান (২২)।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দারিয়াপুর বাজার এলাকায় ফাতিহা ট্রেডার্সের সামনে দুটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চার কেজি এবং অপর মোটরসাইকেলের ট্যাংকি থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কৌশলে গাঁজা লুকিয়ে পরিবহনের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে মাদক লুকিয়ে পরিবহনের এ ঘটনা মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি আরও একবার সামনে এনেছে।
